আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ৭১০ মিলিয়ন ইউরোর মানবিক সহায়তা ঘোষণা ইইউর

বিশ্বজুড়ে ৭১০ মিলিয়ন ইউরোর মানবিক সহায়তা ঘোষণা ইইউর

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মানবিক সহায়তার বিশাল তহবিল ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বরাদ্দের বড় অংশই পাবে সাব সাহারান আফ্রিকা। সেখানকার অভিবাসন ও সংঘাত মোকাবিলায় এই অর্থ দেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন।

ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাপী সংকট, প্রাকৃতিক দুর্যোগ বা সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার জন্য ৭১০ মিলিয়ন ইউরো (৮১০ মিলিয়ন ডলার) ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছে।

উরসুলা ভন ডার লিয়েনের নিউইয়র্কে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানটি বাতিল হয়ে যাওয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বিশ্ব পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, সংঘাত ও চরম বৈরী আবহাওয়ায় মানুষের জীবন বিপর্যস্ত। এছাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিও বিশ্ববাসীকে চরম সংকটে ফেলেছে। নতুন এই অর্থ সহায়তায় আফ্রিকার বাস্তুচ্যুত মানুষেরা উপকৃত হবেন। পাশাপাশি তাদের আশ্রয় দেওয়া সম্প্রদায়গুলোও এই সহায়তা পাবে।

শনিবার ইউরোপীয় কমিশন একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বরাদ্দের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়।

বরাদ্দের মধ্যে ৩৮ কোটি ইউরো সাব সাহারান আফ্রিকার অভিবাসন খাতে ব্যয় হবে। ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় এই অর্থ কাজে লাগানো হবে। পাশাপাশি তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরা ও পুনর্বাসনেও সহায়তা দেওয়া হবে।

সাব সাহারান আফ্রিকার মানবিক সংকট দিন দিন চরম আকার ধারণ করছে। সংঘাত ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। অপুষ্টির শিকার হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এই অবস্থা মোকাবিলায় অঞ্চলটির জন্য আরও ৯ কোটি ৭০ লাখ ইউরো বরাদ্দ রাখা হয়েছে।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং এর প্রতিবেশী দেশগুলোতে ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রস্তুতির জন্য ৭৫ লাখ ইউরো ব্যয় করা হবে। গ্রেট লেকস অঞ্চলে সশস্ত্র সংঘাত ও মানবিক সংকট চলছে। পরিবেশগত পরিবর্তনের কারণে সেখানকার অবস্থাও বেশ নাজুক। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ১ কোটি ইউরো দেওয়া হবে।

ফিলিস্তিন ও লেবাননের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্যও তহবিল রাখা হয়েছে। এই দুই অঞ্চল পাবে ১০ কোটি ৩০ লাখ ইউরো। অন্যদিকে মানবিক সহায়তা ও জরুরি প্রস্তুতির জন্য ইউক্রেনকে দেওয়া হবে ৫ কোটি ২০ লাখ ইউরো।

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ইউরোপীয় কমিশন তিনটি নতুন গ্লোবাল গেটওয়ে বিনিয়োগের ঘোষণা দেয়। এর আওতায় সাব সাহারান আফ্রিকার স্বাস্থ্য ও পুষ্টি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো হবে।

কলম্বিয়ায় টিকা এবং জৈব ওষুধ উৎপাদনে ঋণ দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। এছাড়া ইথিওপিয়ার প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে ৬ কোটি ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকেই ইউরোপীয় কমিশন বিভিন্ন দেশে মানবিক সহায়তা দিয়ে আসছে। সংস্থাটি জানিয়েছে বছরের শুরু থেকে এখন পর্যন্ত তারা ২৫ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে।

বিষয়:৭১০ মিলিয়ন ইউরোইইউইউরোপীয় ইউনিয়ন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…