ফুটবল

রাতেই শিরোপা উৎসব করবে লিভারপুল?

লিভারপুল ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে, দর্শকরা স্টেডিয়ামে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের এখনও বাকি ৫ ম্যাচ। রোববার টটেনহ্যাম হটস্পারকে আতিথেয়তা দেবে অলরেডরা, ম্যাচে জয় পেলেই প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উল্লাসে মাতবে আর্নে স্লটের দল। ড্র করলেও অবশ্য বাকি চার ম্যাচে লিভাপুলের কাছে পৌঁছানোর কোনো সুযোগ থাকবে না পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের। তাই জয় কিংবা ড্র- দুটির একটি হলেই অ্যানফিল্ড গ্যালারিতে দেখা যাবে বাঁধভাঙা উচ্ছ্বাস।

লিভারপুলের শিরোপা উৎসবের মঞ্চ প্রস্তত হয়েছে গত ২৪ এপ্রিল আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস ২-২ গোলে ড্র করায়। সেটা ছিল এবারের লিগে আর্সেনালের ৩৪তম ম্যাচ, দ্বিতীয়স্থানে থাকা দলটির নামের পাশে পয়েন্ট ৬৭। লিভারপুলের ৩৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টের লিড, অর্থাৎ অলরেডদের আরেকটি পয়েন্ট হলেই আর্সেনাল বাকি চার ম্যাচ জিতলেও লিভারপুলকে ধরতে পারবে না।

টটেনহ্যামের বিপক্ষে নামার আগে অতি আত্মবিশ্বাসী হয়ে কোনো ভুল করতে চান না কোচ। স্লট বলেছেন, ‘এটা একটা বড় দায়িত্ব। শেষবার ক্লাব লিগ জিতেছিল কোভিডের সময়। তাই সবাই ম্যাচের দিকে তাকিয়ে। জানি এখনও অনেক কাজ বাকি। অন্তত এক পয়েন্ট চাই। এই মুহূর্তে একমাত্র চিন্তা হল, সবাই যেন ফিট থাকে এবং দলকে প্রস্তুত করা। কারণ দেখেছি, যে দলগুলো রেলিগেটেড হয়েছে, তাদের বিপক্ষেও ম্যাচ জেতা কঠিন ছিল। তাই কোনভাবেই আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা টটেনহ্যামকে ইতিমধ্যে তিনবার মোকাবেলা করেছি, জানি তাদের হারানো কঠিন।’

সবশেষ ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। ২০২০-২১ মৌসুমে তৃতীয়, ২০২১-২২ মৌসুমে রানার্সআপ, ২০২২-২৩ মৌসুমে পঞ্চম ও ২০২৩-২৪ মৌসুমে তৃতীয় হয়েছিল তারা।

বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৯টায় শুরু হবে টটেনহ্যামের সঙ্গে অলরেডদের মাঠের লড়াই।

বিষয়:ইপিএল টটেনহ্যাম লিভারপুল স্লট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…