তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। বড় ব্যবধানে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বেন স্টোকসের দল। তৃতীয় ও শেষ টেস্টে বল হাতে ইংলিশ বোলাররা দারুণ করেছেন। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে স্বাগতিক দল। দারুন লড়াই করে তিন ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছে উইন্ডিজ।
বার্মিংহামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৭৫.১ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ২৮২ রানে। জবাবে নেমে প্রথম দিন শেষে ৮ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে ইংল্যান্ড। ২৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটে নামবেন অলি পোপ (১১ বলে ৬) এবং জো রুট (৪ বলে ২ রান)।
সিরিজে আলো ছড়ানো গাস অ্যাটকিনসন বার্মিংহামেও দারুণ করেছেন। ক্যারিবীয়দের ধসিয়ে দিয়েছেন ক্রিস ওকস ও মার্ক উডকে সঙ্গী করে। ২০ ওভার বল করে ১ মেডেনের পাশাপাশি ৬৭ রান খরচায় ৪ উইকেট নেন অ্যাটকিনসন। ১৮ ওভারে ৩ মেডেনসহ ৬৯ রান খরচা ওকস নেন ৩ উইকেট। মার্ক দুটি এবং শোয়েব বশির একটি করে উইকেট নেন।
ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ৮৬ বলে ৬১ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। জেসন হোল্ডার করেন ১১২ বলে ৫৯ রান। ৯৯ বলে ৪০ রান করেন জসুয়া ডি সিলভা। এছাড়া ৬১ বলে ২৬ রান করেন মিকেল লুইস।
২৮২ রান সামনে রেখে ব্যাটে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল ইংল্যান্ড। ছন্দে পতন ঘটে চতুর্থ ওভারের শেষ বলে ২৯ রানে। জ্যাক ক্রলি ফিরে যান ১৩ বলে ১৮ রান করে। পরে দ্রুতই বেন ডাকেট ও নাইটওয়াচ ম্যান হিসেবে ব্যাটে আসা মার্ক উডকেও হারায় স্বাগতিক দল।









