তৃতীয় টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশের মিশনে আগে ব্যাটে নেমে উইকেট ধরে রেখে ঝড় তোলার চেষ্টা করছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে ভালো সংযোগে পাত্তা পাচ্ছেন না স্যাম কারেন, আদিল রশিদ ও জফরা আর্চাররা।
পাওয়ার প্লে শেষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৬ রান তুলেছে বাংলাদেশ। লিটন ২০ বলে ২১ ও রনি ১৬ বলে ১৯ রানে ক্রিজে আছেন। ষষ্ঠ ওভারে আর্চারের বলে রনি সহজ ক্যাচ দিলেও নিতে পারেননি রেহান আহমেদ।
সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজজয়ী ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে লাল-সবুজের দল। অভিষেক হয়েছে স্পিনার তানভীর ইসলামের, ফিরেছেন শামীম পাটোয়ারি। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর মিরপুরে দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তোলে টিম টাইগার্স। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলে কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় সাফল্যের একটি ঘরে তুলবে সাকিব আল হাসানের দল।
টি-টুয়েন্টিতে ১৭ বছরের পথচলায় বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতেছে মাত্র একটি। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০তে হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে হারাতে পারলে হবে দ্বিতীয় অর্জন।








