ভারতের দিল্লিতে বায়ু দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৫০ এর ওপরে পৌঁছে গেছে, যা ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরিতে পড়ে। এই পরিস্থিতিতে হোম অফিস করবেন শহরের ৫০ শতাংশ সরকারি কর্মী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (২০ নভেম্বর) বুধবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই এক ঘোষণায় বলেন, দূষণ কমানোর জন্য দিল্লি সরকার সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। এর কার্যকারিতা নিয়ে আজ দুপুর ১টায় সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে।
এর পাশাপাশি, দিল্লি সরকার ও দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসগুলোর জন্য পর্যায়ক্রমিক সময়সূচি কার্যকর করা হয়েছে। দিল্লির বর্তমান পরিস্থিতি অনুযায়ী, দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান এর চতুর্থ ধাপ কার্যকর করা হয়েছে। এটি দূষণ মোকাবিলায় সবচেয়ে কঠোর ব্যবস্থা।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুরাতন ডিজেলচালিত মাঝারি ও ভারী পণ্যবাহী যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। একইভাবে, বিএস-৩ পেট্রোলচালিত গাড়িগুলোর চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
গত বছর দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে মিলে ক্লাউড সিডিংয়ের উদ্যোগ নিয়েছিল, যা চলতি বছর দূষণ কমাতে কার্যকর হতে পারে। এর প্রস্তুতি আগেই শুরু হলেও বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো বৈঠক হয়নি। দিল্লি সরকারের এই পদক্ষেপগুলো দূষণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।







