চার দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা বিকল ফিশিং ট্রলার এফবি ফাতেমা ও এর ১১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
চার দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর মঙ্গলবার দুপুরে মোবাইল নেটওয়ার্কে আসার সুযোগে ট্রলারের এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ড দ্রুত উদ্ধার অভিযানে নামে। পোর্টে গ্র্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ৩১ অক্টোবর শুক্রবার লক্ষ্মীপুরের রামগতি মাঝঘাট এলাকা থেকে ১১ জন জেলেসহ ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে। তবে ১ নভেম্বর রাতের দিকে ট্রলারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
অভিযান শেষে দুপুর ২টার দিকে বিকল ট্রলার ও ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।







