সাবালেঙ্কার পঞ্চম নাকি রাইবাকিনার তৃতীয় গ্র্যান্ড স্লাম
ইউএস ওপেন ফাইনাল

ভোরে নির্ধারণ হয়ে গেছে ইউএস ওপেনে মেয়েদের এককের দুই ফাইনালিস্ট। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলা এলিনা রাইবাকিনা এবং আরিনা সাবালেঙ্কা আবারও মুখোমুখি হচ্ছেন, ৮ মাস পর আরেকটি ফাইনালে। রাইবাকিনার সুযোগ ফাইনালের পুনরাবৃত্তি করে তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের। আর শোধ তুলে পঞ্চম গ্র্যান্ড স্লামের অপেক্ষা মেটানোর সুযোগ থাকবে সাবালেঙ্কার।
বৃহস্পতিবার দিবাগত রাতে মার্কিন তারকা কোকো গফকে ৬-৪, ৪-৬ এবং ৪-৬ সেটে হারিয়েছেন রাইবাকিনা। প্রথম সেট হেরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন। পরের দুই সেট জিতে ফাইনালের টিকিট কেটেছেন কাজাখস্থান তারকা।
অন্যদিকে শুক্রবার ভোরে আরেক মার্কিনী জেসিকা পেগুলাকে প্রথম দুই সেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন সাবালেঙ্কা। ৭-৫ এবং ৬-২ সেটে জিতেছেন বেলারুশ তারকা।
চলতি বছরের জানুয়ারির শেষে মেলবোর্নে রড লেভার অ্যারেনায় সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে হারিয়েছিলেন রাইবাকিনা।
সাবালেঙ্কা এপর্যন্ত ২০২৩, ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০২৪ ও ২০২৫ ইউএস ওপেন জিতেছেন। তার সুযোগ টানা তিন ইউএস ওপেন জয়ের। জিতলে পঞ্চম গ্র্যান্ড স্লাম ঘরে তুলবেন।
চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০২২ উইম্বলডন জিতেছেন রাইবাকিনা। তার সুযোগ একই বছরে একই প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের।






