যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে শিক্ষাক্রম নিয়ে মিথ্যা রটানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোরশেদ আলম, চাঁদপুর:
যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পাঠ্যবই নিয়ে মিথ্যা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এই সরকারকে যারা নানানভাবে উৎখাত করতে চায়, তারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এখন তারা নতুন শিক্ষাক্রমের পেছনে লেগেছে। আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা মানবিক মানুষ হয়ে বেড়ে উঠবে।
ডা. দীপু মনি বলেন, আমাদের সমস্ত বই থেকে ইসলাম ও রাসূল সম্পর্কে বিষয়গুলো ফেলে দেয়া হয়েছে এবং সনাতন ধর্ম সম্পর্কিত সবকিছু নিয়ে আসা হয়েছে, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে ভিডিওটি যা দেয়া হয়েছে, সেটির সব তথ্যই মিথ্যা। আমরা সেটির বিপরীতে আরেকটি ভিডিও করে তার উত্তর দিয়েছি।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।






