চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ ২৮ জুলাই সকাল ৯ টায় শিক্ষামন্ত্রী দীপুমনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কাছ থেকে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে নিজ নিজ বোর্ডের ফলাফল গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
ফলাফল গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এসময় উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
চলতি বছরে যারা কৃতকার্য হতে পেরেছেন তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আর যারা ভাল করে পারেনি তাদের ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও শিক্ষা কার্যক্রম ব্যহত না হওয়ায় শিক্ষার্থীরা বেশ উপকৃত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।







