জাতীয় নির্বাচনকে আরও গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এবং নির্বাচন-সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আসন্ন নির্বাচনগুলোতে এসব পর্যবেক্ষক সংস্থা ও অংশীজনের দেওয়া গঠনমূলক পরামর্শ বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করতে চায়। নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও কমিশন গুরুত্ব দিচ্ছে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতামত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে এবং সে লক্ষ্যেই কমিশন এগিয়ে যাচ্ছে।








