প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা আজ দুপুর ২টার মধ্যে না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।
আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার দাবি আদায়ে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আন্দোলকারী শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আরও বলা হয়, তারা জাতীয়করণের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে রোববার শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জও করা হয়। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হন।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে।
বর্তমানে সারাদেশে ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মত জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।










