আজ মধ্যরাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূকম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ (২৮ মে) বুধবার রাত ২টা ২৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের মোইরাং শহরের কাছে, সিলেট থেকে প্রায় ২১৭ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভারি’ এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৪৭ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অপেক্ষাকৃত অগভীর হওয়ায় কম্পন বিস্তৃত এলাকাজুড়ে তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।







