গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামের মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্ত্রী মাহমুদা আক্তারসহ আহত হয়েছেন আরও ৪ জন।
আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম বরিশালের বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। এই ঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
আহত মাহমুদা আক্তার জানান, তারা রাত আড়াইটার দিকে ঢাকা থেকে প্রাইভেট কারে শ্রীপুরের বাসার সামনে গাড়ি থেকে নেমে মালপত্র নামানোর সময় রুবেলসহ ৬ থেকে ৭ জন কিশোর তাদের সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চায়। এক পর্যায়ে হাসিবুলের সাথে বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
মাহমুদা আক্তার আরও জানান, হাতাহাতিতে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল হেরা হাসপাতালে নেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







