দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
আজ (৬ মে) মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৩৮ মিনিটে বিমানটি অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, যারা সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি জোবাইদা রহমানকেও স্বাগত জানান।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়েন ডা. জোবাইদা। এরপর দীর্ঘ প্রায় দুই দশক পেরিয়ে তিনি আবারও ফিরে এলেন দেশের মাটিতে। এ ফেরাকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আবেগঘন পরিবেশ।
ডা. জোবাইদা রহমানের নিবাস সিলেটে। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী জিয়াউর রহমান সরকারের সময় নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ছিলেন তার চাচা।
খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও।







