শেষ রাউন্ডের লড়াইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী লিমিটেড। ব্যাটে-বলে সেরার স্থানে এই দুটি ক্লাবের ক্রিকেটারই।
আবাহনী ওপেনার নাঈম শেখ পুরো আসরে ১৬ ম্যাচে করেছেন ৯৩২ রান। একটি সেঞ্চুরি ও দশটি ফিফটি পাওয়া এ ক্রিকেটার পুরো আসরেই ছিলেন ধারাবাহিক। শনিবার মিরপুরে শেখ জামালের বিপক্ষে অলিখিত ফাইনালে খেলেছেন ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
চ্যাম্পিয়ন দলের আরেক ওপেনার এনামুল হক বিজয় সমান ম্যাচে করেছেন ৮৩৪ রান। গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে হাজার রান পেরিয়ে লিগ ‘এ’ ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিলেন বিজয়।
প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ভারতীয় অফস্পিনার পারভেজ রসুল। ১৬ ম্যাচে শিকার করেছেন ৩৩ উইকেট। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ১৩ ম্যাচে ২৫ উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।







