মধ্যপ্রাচ্যের ৩টি দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, আজ (১৩ মে) মঙ্গলবার সৌদি আরবে সফরের মধ্য দিয়ে তার তিনদিনের এ যাত্রা শুরু হয়েছে।
ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বুধবার উপসাগরীয় দেশগুলোর নেতাদের অংশগ্রহণে এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প।
বুধবার কাতার সফরে যাবেন তিনি। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার তিনদিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে।
মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিশ্চিত করাই এবারের মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মিডল ইস্ট ইন্সটিটিউট’।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষক অর্থনীতিবিদ ক্যারেন ইয়ং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ সফরে যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি উপসাগরীয় বিনিয়োগের ঘোষণা প্রত্যাশা করেন।








