সদা হাস্যোজ্জ্বল ও প্রাণচঞ্চল কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম। গান গাইতে তাঁর কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না—মুখে মুখেই যেন সবসময় বেজে চলে সুর।
দেশের এই বরেণ্য সংগীতশিল্পীর জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে তুলে ধরে ‘হৃদয়ে কী সুর বাজে’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
প্রামাণ্যচিত্রটিতে খুরশীদ আলমের দীর্ঘ সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, সংগ্রাম, সাফল্য ও স্মৃতির গল্প উঠে এসেছে। পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনের অজানা কিছু দিক, স্মৃতিচারণ এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদানও তুলে ধরা হয়েছে।
নির্মাতার প্রত্যাশা, প্রামাণ্যচিত্রটি দর্শকদের সামনে খুরশীদ আলমকে নতুনভাবে তুলে ধরবে এবং তাঁর বর্ণাঢ্য জীবন ও সংগীতযাত্রাকে কাছ থেকে জানার সুযোগ করে দেবে।
আগামী ১ আগস্ট ৮১ বছরে পা রাখবেন খুরশীদ আলম। তাঁর জন্মদিন উপলক্ষে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’।

