রোববার (১৩ অক্টোবর) বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এ অনুষ্ঠান উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
শনিবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিসর্জন শোভাযাত্রার সম্ভাব্য রুট হল ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে বের হয়ে পলাশী মোড়–জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার–দোয়েল চত্বর–হাইকোর্ট বটতলা–সরকারি কর্মচারী হাসপাতাল–পুলিশ হেডকোয়ার্টার্স–নগর ভবন–গোলাপশাহ মাজার–বঙ্গবন্ধু স্কয়ার–গুলিস্থান–নবাবপুর লেভেল ক্রসিং–নবাবপুর রোড–মানসি হল ক্রসিং–রথখোলার মোড়–রায়সাহেব বাজার মোড়–শাঁখারীবাজার–জগন্নাথ বিশ্ববিদ্যালয়–সদরঘাট বাটা ক্রসিং–পাটুয়াটুলি মোড়/সদরঘাট টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।
বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশও মোতায়েন থাকবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে স্থাপন করা হয়েছে তিনটি ওয়াচ টাওয়ার। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াত দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নির্ধারিত সময় ও রুট অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।








