ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে তিনি অভিযোগের দ্রুত ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘ধর্ষণ’ শব্দ পরিহার নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশের বিষয়টি জানানো হয়।
ডিএমপি কমিশনার বলেন, ‘‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।’’
উল্লেখ্য, গত শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো “ধর্ষণ”। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা “নারী নির্যাতন” বা “নিপীড়ন” বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।’
এরপর থেকে বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। সেই পরিপ্রেক্ষিতে এ বিষয়ে দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার।






