বাংলাদেশ

রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

ডিএমপি কমিশনারসহ পুলিশ সদস্যরা রাস্তায় ইফতার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশ সদস্যরা রাস্তায় ইফতার করছেন, শহরের ব্যস্ত রাস্তার পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রমজানের প্রথম দিনে কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরা নির্বিঘ্নে করতে অফিস শেষে রাস্তায় নেমে পড়েন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। পরে তিনি সেখানেই ইফতার করেন।

মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজায় ডিএমপি কমিশনার ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সাথে ইফতারে অংশ গ্রহণ করেন ও যানযট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সেসময় কমিশনার তেজগাঁও থানার আয়োজনে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, কর্মব্যস্ত নগরবাসী কর্মস্থল থেকে নিরাপদে বাসায় ফিরে তাদের পরিবারের সাথে ইফতার করতে পারেন তার জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সদস্যদের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ইফতার বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, সোনারগাঁ ক্রসিং ঢাকা শহরের ব্যস্ততম একটি স্থান। এখান থেকে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিকে গাড়ি যায়। সেই হিসেবে এখানকার অবস্থা সন্তোষজনক। ইফতারের ২০ মিনিট আগে দেখা গেছে রাস্তায় তেমন কোন চাপ নাই।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানের ১০/১৫ দিন পর থেকে মানুষজন কেনাকাটায় বের হন। সে জন্য একটু যানযটের সৃষ্টি হয়। বেশিরভাগ মার্কেটেই পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নাই। আমরা সেখানে মার্কেট কমিটির লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ মিলে সেটি যাতে সহনীয় রাখা যায় সেজন্য বিশেষ ব্যবস্থা রেখেছি।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বিপিএম; ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…