বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে চলমান বাণিজ্য সম্পর্ক ও পারস্পরিক চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
মন্ত্রী বলেন, চুক্তিটি যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চুক্তির মধ্যে কোনো অসম বা অসামঞ্জস্যপূর্ণ বিষয় রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখছে।
তিনি আরও জানান, যদি চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বা অসম মনে হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেবে।
পরিবেশ মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কোনো জটিলতা নেই বলেও উল্লেখ করে তিনি বলেন, চুক্তির আওতায় পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট অংশে বাংলাদেশ সন্তোষজনক অবস্থানে রয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।








