আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, আগামী শনিবার থেকে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচারবিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০ এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের তৎকালীন হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং বাংলাদেশ সচিবালয়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচি গ্রহণ করে। এই ঘটনা স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।








