মোহাম্মদপুর থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়কে আদালতে আনা হয়েছে।
আজ মঙ্গলবার ২০ আগস্ট বিকেল ৩টা ২০ মিনিটে তাদের প্রিজন ভ্যানে পুলিশি পাহারায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে সোমবার ১৯ আগস্ট রাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে।
রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে আসামি করা হয়।
একইদিন রাতে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মোহাম্মদপুর থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।







