ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে চারশো রানের মাইলফলক ছুঁয়েছে আবাহনী লিমিটেড। জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৪ রানের রেকর্ড পাহাড় গড়েছে আকাশী-নীল দলটি।
ডিপিএলে ছেলে ও মেয়েদের ক্রিকেটে চারশ রানের দলীয় সংগ্রহ এটিই প্রথম। মেয়েদের আসরে আগের রেকর্ডটি ছিল ৩৯২ রানের। চলতি ডিপিএলেই মোহামেডান করেছিল কেরানীগঞ্জের বিপক্ষে।
ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আবাহনী লিমিটেডের দিলারা দোলা। ৫৪ বলে শতক হাঁকিয়েছেন তিনি। শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নামা আবাহনীর জার্সিতে উইকেটরক্ষক-ব্যাটার দোলা ঝড় তোলেন।
উদ্বোধনী জুটিতে শারমিন সুলতানার সঙ্গে দোলা ১৩৮ রান যোগ করেন। পুরবী পাটোয়ারীর বলে বোল্ড হওয়ার আগে ৫৮ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলে যান দোলা।
এর আগে ২০২২-২৩ মৌসুমে কলাবাগান কেসির বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে জেসিয়া আক্তারের ৬৬ বলে পাওয়া শতকটি ডিপিএলের দ্রুততম সেঞ্চুরি ছিল।
আবাহনীর হয়ে চারে নামা স্বর্ণা আক্তারও সেঞ্চুরির দেখা পান। ৯০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলেন। প্রথমোষা কুমার করেন ৪৭ রান। শেষদিকে নাহিদা আক্তার ১৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন। অধিনায়ক জাহানারা আলম অপরাজিত থাকেন ১৫ বলে এক চার ও ৩ ছক্কায় ২৯ রানে।
রানের পাহাড় টপকাতে গিয়ে সমতল ভূমিতেই দাঁড়াতে পারেনি জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। তাদের ইনিংস ২২.৪ ওভারে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায়। আবাহনী ৩৬৮ রানের বিশাল জয় পায়। ঢাকার জায়ান্ট ক্লাবটির বোলিং তোপে প্রতিপক্ষের কোনো ব্যাটার দুঅঙ্কের ঘর ছুঁতে পারেননি।







