৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে লুটপাটের ঘটনা ঘটে। অস্থায়ী ভবনের ৮টি কক্ষের প্রতিটিতে ভাংচুর করা হয়। নগদ অর্থের পাশাপাশি লুট করা হয় ক্লাবের ৫২ বছরের অর্জনের স্মৃতিচিহ্ন।
পাঁচ দশক ধরে রক্ষিত বিভিন্ন খেলার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফিগুলো লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে গেল কয়েকদিন ধরেই সোচ্চার আবাহনীর হয়ে ফুটবল, ক্রিকেট, হকিসহ বিভিন্ন খেলায় অংশ নেয়া সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাবেক তারকা খেলোয়াড় ও সংগঠকরা ট্রফিগুলো ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েছেন।
ক্লাব প্রাঙ্গণে বক্তব্য রাখেন আবাহনীর ফুটবল ও হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক, আবাহনীর সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, জাতীয় দল ও আবাহনীর সাবেক ক্রিকেটার-অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, জাতীয় দল ও আবাহনীর সাবেক ফুটবলার আবদুল গাফফারসহ আরও অনেকেই।








