মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির টিজার। ‘ব্যোমকেশ’ চরিত্রে অভিনয় করেছেন দেব। টিজারটি সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।
ঘোষণার দিন থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। সত্যান্বেষীর ভূমিকায় দেবের অভিনয় দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা। কেমন হবে ছবিটি তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। শুক্রবার বিকেলে দেব প্রকাশ করেছেন ছবির টিজার।
১ মিনিট ২৬ সেকেন্ডের ওই টিজার দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই ছবির টিজার নিয়ে। কারও কারও বেশ ভালো লেগেছে, কেউ আবার অজিতকে নিয়ে রসিকতা করছেন। তবে সব মিলিয়ে টিজারটি চর্চায়।
টিজারে একটিমাত্রই সংলাপ শোনা গিয়েছে দেবের মুখে। ব্যোমকেশরূপী দেব বলছেন, ‘আমি নেতাও নই, অভিনেতাও নই। চিনলেন কী করে?’ নেটিজেনদের মতে, শুধুমাত্র এই সংলাপটুকুই ইতিহাস তৈরির জন্য যথেষ্ট। সকলেরই ঝলক দেখা গিয়েছে টিজারে।
গর্ভবতী সত্যবতীর ভূমিকায় টিজারে ধরা দিয়েছেন রুক্মিণী।
খলনায়ক মণিলালের চরিত্রে সত্যম ভট্টাচার্যও চমক দেখাতে পারেন। এছাড়াও টিজারে রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদেরও দেখা গিয়েছে। সেট থেকে চরিত্রদের সাজপোশাক সব কিছুতেই যত্নের ছোঁয়া চোখে পড়ার মতো।
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটি নির্মাণ করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

