শ্রীমঙ্গলে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দফায় দফায় বাড়ছে শীত ও কুয়াশা। কিছুতেই যেন সকাল শুরু হতে চায় না। এদিকে, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পারদ নামছে নিচের দিকে।
আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, সকাল ৯টায় তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় ১০ দশমিক ৫ ও সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
রাস্তাঘাটে দুর্ঘটনার ব্যাপারে গাড়ি চালকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চালকদের সচেতনতাই নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পারে।
চা-বাগান, ছোট পাহাড়-টিলা, আঁকাবাকা ছড়া, হাইওয়ে সবটাই গত দু’দিন কুয়াশার দখলে। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। শ্রীমঙ্গল আবহাওয়া দপ্তর জানায়, চলতি মাসে শীতের মাত্রা আরও বাড়বে।








