সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩২ জন নারী। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৫৬ জন ঢাকা মহানগরের। এরমাঝে উত্তর সিটি করপোরেশনের ১৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ জন। মহানগরের বাইরে ঢাকা বিভাগের একজন, রাজশাহী বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে তিনজন, খুলনা বিভাগে সাতজন ও বরিশাল বিভাগের সাতজন রয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৩৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১৭৪ জন এবং ঢাকার বাইরে এই সংখ্যা ১৬২ জন।
নতুন রোগীদের নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৪১১ জনে। তাদের মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।








