দেশের যেসব এলাকায় কিছু শিশু হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজে মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে।
একই সঙ্গে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, দেশের কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু হাম-রুবেলার টিকা পায়নি। এসব এলাকায় বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।
এদিকে চলতি বছর ১৭ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৫ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯১৪ জন। মৃতদের বড় অংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।










