হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪-এ পৌঁছেছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন, যার মধ্যে ১১ জন দমকলকর্মীও রয়েছেন।
বিবিসি জানিয়েছে, শুক্রবার (২৮ নভেম্বর) ভোরের সর্বশেষ আপডেটে এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। আগুন কমপ্লেক্সটির আটটি আবাসিক ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের চারপাশে নির্মাণকাজের জন্য বাঁশের মাচা ও দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ নেয় এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে জ্বলতে থাকে। আগুনে ভবনগুলো প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী একজন ফায়ারসার্ভিসের কর্মীও ছিলেন। যদিও এখন আগুন প্রায় নিভে গেছে, তবুও নিখোঁজদের সন্ধানে পুড়ে যাওয়া ভবনগুলোতে উদ্ধার অভিযান চলছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা নির্ণয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্তের আওতায় নেওয়া হয়েছে বাঁশের নির্মাণমাচা ও প্লাস্টিকের জালসহ নির্মাণকাজের উপকরণগুলোকে।
হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা আবাসিক কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়েও পৃথক তদন্ত শুরু করেছে। এর আগে পুলিশ অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।








