ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন ভারত ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। সঙ্গে কঠোর বার্তা দিয়েছিলেন। এরমাঝেই হত্যার হুমকি পেয়েছেন সাবেক ওপেনার।
ইমেইলে তাকে প্রাণনাশের হুমকি বার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। ভারতীয় গণমাধ্যমে খবর, দুটি হুমকির বার্তা পেয়েছেন গম্ভীর। এর প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছেন। দিল্লি পুলিশও হুমকি মেইলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।
পুলিশ মনে করছে, ভারতের প্রধান কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে সন্ত্রাসবাদীদের লক্ষ্যে তার নাম থাকা অস্বাভাবিক নয়।
গম্ভীর পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবারই প্রথম নয়, ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন। তখন সংসদ সদস্য ছিলেন। সেই ঘটনার পরও থানায় অভিযোগ জানিয়েছিলেন।







