২০১৩ সালে কুমিল্লার হোমনায় প্রবাসী আব্দুল জলিল হত্যা মামলায় তার স্ত্রী শাহনাজ বেগমসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ ২৭ মার্চ বুধবার সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এ মামলায় মোট ১৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মুন্সী জানান, ২০১৩ সালের ৯ জুন ঢাকার উদ্দেশে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল। পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন ভাই তাজুল ইসলাম।
আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মো. শাহজাহান, মো. কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মো. রাজিব নামের ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ২৭ মার্চ সকালে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন। আদালতে হাজির মো. শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেয় আদালত।








