উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে ছয়টি অনুষদের এ ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বচানে ভোটারটা উৎসাহ উদ্দীপনার সাথে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ঘোষিত ফলাফলে মেডিসিন অনুষদে নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদে সার্জারি অনুষদের বর্তমান ডিন ও নিউরো সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষেদর বর্তমান ডিন ও বিশ্বদ্যিালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, শিশু অনুষদে শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক ডিন নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থী ও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন: নির্বাচনে যারা অংশ নিয়েছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। আমি দায়িত্বভার গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকল পর্যায়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। বিজয়ীদের কাছে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সুপরামর্শ চাচ্ছি। আপনাদের পরামর্শে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। খুব শীঘ্রই শিক্ষক সমিতির নির্বাচনও দেয়া হবে।
এই ডিন নির্বাচনে মেডিসিন অনুষদে ৩ জন, সার্জারি অনুষদে ৩ জন, শিশু অনুষদে ৫ জন, ডেন্টাল অনুষদে ৩ জন, বেসিক সাইন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৩ জন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দায়িত্বভার গ্রহণ করার পর বিএমডিসি’র শিক্ষক প্রতিনিধি নির্বাচন, নার্সেস এসোসিয়েশন নির্বাচন, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ ও চতুর্থ শ্রেণি কল্যাণ কর্মচারী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।







