‘গার্ডিয়ান অস্ট্রেলিয়া’র নতুন সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক উপ-সম্পাদক ডেভিড মাঙ্ক। সোমবার ১৫ জুন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান নিউজ অ্যান্ড মিডিয়া।
মাঙ্ক এর আগে পাঁচ বছর গার্ডিয়ান অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সংবাদ সম্পাদক এবং আরও পাঁচ বছর উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিদায়ী সম্পাদক লেনোর টেলরের অধীনে কাজ করেছেন। টেলর চলতি বছরের ফেব্রুয়ারিতে এক দশক নেতৃত্ব দেওয়ার পর পদত্যাগ করেন।
যোগদানের আগে মাঙ্ক যুক্তরাজ্যে গার্ডিয়ানের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি গার্ডিয়ান ইউকের ডেপুটি ফরেন এডিটর এবং ডেইলি ও সানডে টেলিগ্রাফের ওয়ার্ল্ড নিউজ প্রধান হিসেবেও কাজ করেছেন।
লেনোর টেলর ও ডেভিড মাঙ্কের নেতৃত্বে গার্ডিয়ান অস্ট্রেলিয়া দেশটির গণমাধ্যমে একটি প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করে। রাজনৈতিক, পরিবেশ ও আদিবাসী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন মানদণ্ড স্থাপন করে এবং একাধিক শিল্প-সংশ্লিষ্ট পুরস্কার অর্জন করে।
সাম্প্রতিক ইপসস আইরিস সংবাদ র্যাঙ্কিং অনুযায়ী, ৭৪ লাখ ইউনিক পাঠক নিয়ে গার্ডিয়ান অস্ট্রেলিয়া দেশটির চতুর্থ সর্বাধিক পঠিত সংবাদমাধ্যম। এ তালিকায় তারা সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ এবং দ্য অস্ট্রেলিয়ানের মতো প্রতিষ্ঠিত সংবাদপত্রকেও পিছনে ফেলেছে।
গার্ডিয়ান নিউজ অ্যান্ড মিডিয়ার সম্পাদক-ইন-চিফ ক্যাথারিন ভিনার বলেন, ‘ডেভিড গার্ডিয়ান এবং অস্ট্রেলিয়া উভয় ক্ষেত্র সম্পর্কেই গভীর জ্ঞান রাখেন। তিনি সৃজনশীলতা, উদ্যম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। আমি নিশ্চিত, তিনি গার্ডিয়ান অস্ট্রেলিয়ার সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’
নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় মাঙ্ক বলেন, গার্ডিয়ান ছোট পরিসরে যাত্রা শুরু করলেও এখন এটি অস্ট্রেলিয়ার সমাজ ও দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম জগতের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের আগের তিনজন সম্পাদক অসাধারণ একটি ভিত্তি তৈরি করেছেন। আমি নিশ্চিত করতে চাই, পাঠক, দর্শক ও শ্রোতারা যেন ভবিষ্যতেও সাহসী, যুগান্তকারী এবং সর্বোপরি স্বাধীন সাংবাদিকতা পেতে থাকেন।’
গার্ডিয়ান অস্ট্রেলিয়ার দ্বিতীয় বছরে নিউজরুমে যোগ দেওয়া মাঙ্ক এখন প্রতিষ্ঠানটির চতুর্থ সম্পাদক। ২০১৩ সালে ক্যাথারিন ভিনারের নেতৃত্বে গার্ডিয়ান অস্ট্রেলিয়ার যাত্রা শুরু হয়। ২০১৬ সালে এমিলি উইলসনের স্থলাভিষিক্ত হন লেনোর টেলর।
বর্তমানে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও ক্যানবেরায় অবস্থিত ব্যুরোগুলোতে গার্ডিয়ান অস্ট্রেলিয়ার ১৪০ জন সম্পাদকীয় কর্মী কাজ করছেন। পাঠকদের অনুদান ও বিজ্ঞাপন আয়ের মাধ্যমে পরিচালিত হয় প্রতিষ্ঠানটি।







