দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, দেশে যে পরিমাণ লুটপাট হয়েছে, তার তুলনায় এই বাঁধ নির্মাণের খরচ ধূলার সমান।
ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ১৮ অক্টোবর শুক্রবার শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর বেড়িবাঁধের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এই কথা বলেন। এসময় তিনি সরকারি কর্মকর্তাদের সমন্বয় করে পুনর্বাসন কাজ করার তাগিদ দেন।
তিনি বলেন, আপনারা ভুক্তভোগী। সমস্যাগুলো আপনারাই ভাল জানেন। আপনাদের পরামর্শক্রমে জনগণের দুর্ভোগ লাঘবে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে নগদ ৬ হাজার করে টাকা, ২ বান্ডেল করে ঢেউটিন এবং ৪৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার দিদারুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।







