তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিনেও শোকের আবহ বিরাজ করছে গোটা দেশে।
আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় জিয়া উদ্যান। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে থেকেই খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে জিয়া উদ্যান এলাকায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই জানাজার পরপরই দোয়া ও মোনাজাতে অংশ নিতে সমাধিস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তা ও প্রশাসনিক কারণে প্রবেশপথ বন্ধ থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।
আজ ভোর থেকে বিজয় সরণির প্রবেশমুখে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা যায়। ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আগত শুভানুধ্যায়ীরা সমাধিস্থলে যাওয়ার অপেক্ষায় থাকেন। তবে বিজয় সরণির মোড়ে পুলিশের বসানো ব্যারিকেডের কারণে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১২টার দিকে জনসাধারণের জন্য খুলে জিয়া উদ্যান দেয়া হয়।
এদিকে যারা দেশের বাইরে অবস্থানের কারণে জানাজায় অংশ নিতে পারেননি, তাদের অনেকেই পরবর্তী সময়ে কবর জিয়ারতের ইচ্ছা প্রকাশ করেছেন।

