ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার পনেরটি গ্রামে বন্যার পানি ঢুকে একশো পঁয়ষট্টি হেক্টর রোপা আমন, দেড়শটি পুকুরের মাছ ও পোনা ভেসে গিয়ে এক কোটি বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করছেন ক্ষতিগ্রস্থরা।
ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর, উত্তর বরইয়াএবং পরশুরাম উপজেলার পশ্চিম অলকা এই তিনটি স্থানের পনেরটি গ্রামে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেনী কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, ফুলগাজী ও পরশুরাম উপজেলার পনেরটি গ্রামে বন্যার পানি ঢুকে রোপা আমন ধান ও সবজি নষ্ট হয়ে গেছে। ফেনী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বাহাত্তর হেক্টর দুইশত পুকুরের মাছ ও পোনা মাছ ভেসে গিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেনী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যায় ১৪/১৫টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে তাঁর ছিড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও বাজার ও গ্রামের ছোটখাট দোকান গুলোতে পানি উঠে দোকান মালিকদের ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেনী কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: একরাম উদ্দিন বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে ও জলাবদ্ধতার ফলে একশত ছিয়াত্তর হেক্টর রোপা আমন ও চার হেক্টর সবজির ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। পানি দ্রুত সরে গেলে সমস্যা হতো না। পানি নিষ্কাশনের ও বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে।







