জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ দেন।
জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ ১০ নেতার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদলত এই আদেশের মাধ্যমে এই ১০ নেতার বহিষ্কারাদেশের উপর নিষেধাজ্ঞা দেন এবং তাদের প্রাথমিক সদস্য পদ এবং সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।
পদ ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার (ফেনী), প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ (জামালপুর), প্রেসিডিয়াম সদস্য জসীম উদ্দিন (নেত্রকোনা) এবং প্রেসিডিয়াম সদস্য আরিফুর রহমান খান (গাজীপুর)।
উল্লেখ্য, ১০ জুলাই জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতারা জি এম কাদেরসহ দুইজনকে বিবাদী করে আদালতে মামলা করেন।







