কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতিবারের মতো এবারও ঈদ-উল-আযহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার ২৯ জুন সকাল ৯টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয়। সকাল থেকে বৃষ্টির মধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ-উল-আযহার প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে থাকেন।
এদিকে, প্রধান ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঈদ জামাতের জন্য পল্টন মোড়, মৎস্য ভবন মোড় ও শিক্ষাভবন মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা দেওয়া হয়।
ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তীক্ষ্ণ নজর রাখেন। চার স্তরের নিরাপত্তা বাবস্থায় র্যাব, পুলিশ এর সাথে বিজিবির ৫টি প্লাটুন মোতায়েন করা হয়।
এছাড়াও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোনের সাহায্যে করা হচ্ছে নজরদারি। ২০১৬ সালে শোলাকিয়া মাঠের কাছে ঘটে যাওয়া জঙ্গি হামলার কথা মাথায় রেখে বাড়ান হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জনশ্রুতি আছে, শাহ সুফি সৈয়দ আহমদ ঈদের জামাতের মোনাজাতে ভবিষ্যতে মাঠে মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে ‘সোয়া লাখ’ কথাটি ব্যবহার করেন। অন্য একটি মতে, সেই দিনের সেই জামাতে ১ লাখ ২৫ হাজার অর্থাৎ সোয়া লাখ লোক জমায়েত হন। ফলে ‘সোয়া লাখে’র অপভ্রংশ হয়ে ‘শোলাকিয়া’ নামটি চালু হয়ে যায়।







