ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত এবং ভারতে মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপাল, ভুটানের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন।
এসময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর যুক্তরাষ্ট্রের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় অঞ্চলে সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট, বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ঠেকানো সহ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।
মার্কিন দূত সার্জিও গোর জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।







