করোনায় আজও ৩ জনের মৃত্যু
শনাক্ত ৫২১ জন

Health worker in protective gear giving COVID-19 vaccine to an elderly man in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৫২তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২০৩ জনে দাঁড়ালো।
শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫২১ জন। শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) তিন হাজার ৯৫২টি পরীক্ষায় ৫২১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৫ লাখ সাত হাজার ১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৪৫ হাজার পাঁচটি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার ১০৫ জন সহ মোট ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৮ শতাংশ।
মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। মৃত তিনজনের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দু’জন ষাটোর্ধ্ব একজন সত্তোরঊর্ধ্ব। বিভাগওয়ারী হিসেবে ঢাকা বিভাগেই তিনজন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৬ কোটি আট লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৭৩ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩ কোটি ৩৮ লাখের বেশি।




