বিনোদন

ঢাকায় বিনাপারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী

রাহাত ফতেহ আলী ঢাকায় গানের পরিবেশনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় গাইছেন রাহাত ফতেহ আলী, তার পেছনে আলো ও ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে গাইতে আসছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত ‘ইকোস অব রেভোল্যুশন’ নামের এই কনসার্ট নিয়ে ইতিমধ্যে দিনক্ষণ গুনতে শুরু করেছেন শ্রোতাদর্শকরা!

গত সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে কনসার্টের টিকেট বিক্রি! কনসার্ট আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, তিনটি ক্যাটাগরিতে ‘ইকোস অব রেভোল্যুশন’ এর টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ভিআইপি টিকেটের দাম ১০ হাজার টাকা, ফ্রন্ট রো টিকেটের দাম সাড়ে ৪ হাজার টাকা এবং জেনারেল টিকেটের দাম রাখা হয়েছে আড়াই হাজার টাকা!

কনসার্টের টিকেট বিক্রি নিয়ে নতুন করে প্রমোশন দেখা গেল শনিবার। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহসহ অনেককে ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্ট নিয়ে কথা বলতে দেখা গেছে। ফেসবুকে কনসার্ট উপভোগ করতে নিজের নামে ক্রয় করা টিকেট-এর ছবিও পোস্ট করেছেন হাসনাত।

নিজের টিকেটের কপি পোস্ট করে ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টে সবাইকে টিকেট কেনারও আহ্বান করেন এই ছাত্রনেতা।

জানান,“জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একদল শিক্ষার্থীর আয়োজনে আগামী ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভোল্যুশন’ চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। সেখানে বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।”

এসময় হাসনাত বলেন,“রাহাত ফতেহ আলী খানের পারিশ্রমিকসহ এই কনসার্ট থেকে আয়কৃত অর্থের পুরোটাই ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে চলে যাবে জুলাই বিপ্লবে নিহত-আহতদের পরিবারের কাছে। তাই আপনিও কনসার্টে অংশ নিয়ে শহীদ পরিবারগুলোর সুখ-দুঃখের সাথী হতে পারেন।” একই আহ্বান জানিয়ে পোস্ট করেছেন জুলাই আন্দোলনে নিহত শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ।

আয়োজকদের একজন সাদেকুর রহমান সানি। তিনি আগেই চ্যানেল আই অনলাইনকে জানান, কনসার্টের টিকেট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংঘটিত হচ্ছে। টিকেট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে ‘গেট সেট রক’ নামক একটি প্রতিষ্ঠান।

সানি জানান, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী এই চ্যারিটি কনসার্টটির উদ্যোগ নেন। কনসার্ট থেকে আয়কৃত অর্থ ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশের কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড পারফর্ম করবে। এরমধ্যে আছে আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরে জনপ্রিয় র‌্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে।

বিষয়:ছাত্র আন্দোলন ঢাকা পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…