পবিত্র কাবাঘর পরিষ্কারের আনুষ্ঠানিকতা সম্পন্ন

মক্কায় পবিত্র কাবাঘর পরিষ্কারের জন্য মুসল্লিদের আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সম্পন্ন হয়েছে পবিত্র কাবাঘরের ভেতরের অংশ পরিষ্কার করার কাজ। প্রতি বছর একটি দিনে সৌদি আরবের বাদশার নেতৃত্বে পবিত্র কাবাঘরের ভিতরের অংশ পরিষ্কার করা হয়।
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, আজ (২ আগস্ট) বুধবার সৌদি আরবের বাদশাহ সালমানের নেতৃত্বে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ পবিত্র কাবাঘরের ভিতরের অংশ ধৌত করেন।
এই পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন, সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল-সুদাইস, বেশ কয়েকজন রাজপুত্র, দেশটির বিশিষ্ট কর্মকর্তাগণ এবং একদল সৌদি নাগরিক।
অনুষ্ঠান চলাকালীন পবিত্র কাবাঘরের ভিতরের অংশে প্রবেশের জন্য একটি সিঁড়ি ব্যবহার করা হয়। পবিত্র কাবাঘরের জন্য নিযুক্ত দারোয়ান এসময় দরজা খুলে দেন।
পবিত্র কাবার অভ্যন্তরের অংশ ধুয়ে ফেলার পর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এর ভিতরে প্রার্থনা করেন। ধোয়ার পর পবিত্র কাবাঘরকে উৎকৃষ্ট অউদ তেল, গোলাপ ও ধূপ দিয়ে সুগন্ধিযুক্ত করা হয়।
পবিত্র কাবাঘর পরিস্কারের বিষয়টি সম্প্রতি প্রতি ইসলামী বছরের শুরুতে সৌদিআরবের একটি বার্ষিক ঐতিহ্যের বিষয়ে পরিণত হয়েছে।






