কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে পর্যাপ্ত ট্যানারি ও কারখানা না থাকায় এক সপ্তাহের মধ্যে সব চামড়া প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করা সম্ভব নয়। তাই চামড়া নষ্ট হওয়া ঠেকাতে যথাযথ সংরক্ষণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে চামড়া ব্যবসায়ী ও কাওমী মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিক সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্প ভবিষ্যতে বড় রপ্তানি খাতে পরিণত হতে পারে। এজন্য কোরবানির পরপরই চামড়া সংগ্রহ, লবণ দিয়ে সংরক্ষণ এবং দ্রুত বাজারজাত করার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অতীতে চামড়া খাতে যে ধরনের সংকট, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখা গেছে, সেগুলোর পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, কোরবানির ব্যবহার উপযোগী চামড়ার ন্যায্য মূল্য ব্যবসায়ীরা অবশ্যই পাবেন।








