কাপড় কেনা নিয়ে সংঘর্ষে নিহত ২

অপরাধের স্থান থেকে উদ্ধার করা ধারালো অস্ত্র ও রক্তের দাগ, যা হত্যাকাণ্ডের তদন্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে কাপড় বেচাকেনা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভালাইপুর বাজারে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন- পাশের আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজেদ হোসেনের ছেলে সজল (২৭) ও আজিজুর রহমানের ছেলে মামুন অর-রশিদ (২৪)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভালাইপুর বাজারের আশরাফুলের দোকানে কাপড় ক্রয় করতে যায় ছামেনা খাতুন। এসময় তার সাথে দোকানদারের কথা কাটাকাটি হয়। বিষয়টি তিনি তার ছেলে টিপুকে জানান। টিপু তার বন্ধু সজল, মামুন ও পলাশকে সাথে সাথে নিয়ে ওই দোকানে যায়। এসময় আকাশ, ছানোয়ার, শান্তি ও জাহাঙ্গীর তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। এতে সজল ও মামুন গুরুতর জখম হয়।
তিনি জানান, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান তাদেরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






