প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে টেবিল টেনিসে ব্যক্তিগত ইভেন্টে বড় হতাশার মুখ দেখেছে চীন। র্যাঙ্কিংয়ের প্রথমে থাকা ওয়াং চুকিন প্রথম রাউন্ডে বাদ পড়েছেন। তিনি হেরেছেন র্যাঙ্কিংয়ের ২৬-এ থাকা সুইডেনের ট্রুলস মোরগার্ডের কাছে।
৩২ দলের প্রথমে রাউন্ডে বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে নামেন চুকিন। মোটেও সুবিধা করতে পারেননি। মোরগার্ডের কাছে হারেন ৪-২ সেটে। হারে প্রথম রাউন্ডেই বিদায় নিশ্চিত হয়ে যায় তার।
র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ওয়াং চুকিন মঙ্গলবার মিশ্র দ্বৈতে সোনা জিতেছেন। পরে ছবি তোলার সময় এক সাংবাদিক তার ব্যাট কেড়ে নেন। এ সময় প্রচণ্ড রাগান্বিত হন তিনি। পরে তার ব্যাট ভেঙে যায়।
হারের পর চুকিন বলেছেন, ‘জানি না ওই সাংবাদিক কেন আমার সাথে এমন করেছিল। আমার মনে হয় এমন হবে (ভেঙে) সেটা তার উদ্দেশ্য ছিল না। আশা করছি আমার অন্যান্য ব্যাটগুলো দিয়ে খেলা চালিয়ে যেতে পারব।’








