শিগগিরই বড়পর্দায় আসছে ‘ছোটকাকু’

এবার চলচ্চিত্রের পর্দায় আসছে শিশু–কিশোরদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’। রাজধানীর আলোকি-তে চলা দু’ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে এমন ঘোষণা দেন নির্মাতা ও ছোটকাকু চরিত্রে অভিনয় করা আফজান হোসেন।
মঙ্গলবার দুপুরে ছোটকাকু উৎসবের মঞ্চে তারকা কথন অনুষ্ঠিত হয়। সেখানে অভিনেতা তুষার খান ‘ছোটকাকু’র স্রষ্টা প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের উদ্দেশে বলেন, সত্যজিৎ রায়ের ফেলুদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। আমাদের দেশেও গোয়েন্দা রহস্য হিসেবে ছোটকাকু অনেক জনপ্রিয়। সাগর ভাইয়ের কাছে অনুরোধ করে বলবো ছোটকাকু সিরিজ থেকে বড়পর্দায় সিনেমা নির্মাণ করুন।
তুষার খানের এই অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই মঞ্চেই আফজান হোসেন বলেন, শিগগিরই ‘ছোটকাকু’ আসছে চলচ্চিত্রের পর্দায়।
বিগত ১৫ বছর ধরে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন ‘ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের লেখা একই নামের এই গোয়েন্দা সিরিজে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন আফজাল হোসেন।
দীর্ঘ এই পথচলা উদ্যাপন করতে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে বসেছে দুই দিনের ‘ছোটকাকু উৎসব’। শিশু-কিশোরদের জন্য নানা আয়োজনের পাশাপাশি বড়দের জন্যও থাকছে আড্ডা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংশ্লিষ্টরা জানান, শিশুদের কেন্দ্র করে এ ধরনের আয়োজন এবারই প্রথম করছেন তারা। দুই দিনজুড়ে শিশু-কিশোরদের জন্য রয়েছে শিক্ষামূলক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। সেমিনারের পাশাপাশি শিশুদের জন্য থাকবে নাটক ও গান।
এ ছাড়া ছোটকাকু সিরিজের শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ ক্যাফে আড্ডা ও পরিবেশনা। শিশু–কিশোরদের কথা বিবেচনায় নিয়ে উৎসবটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। এই আয়োজনে গত দুদিন ধরে শতশত শিশু-কিশোররা অংশ নিচ্ছে।
ছোটকাকুর সমস্ত বইগুলো পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশে। প্রকাশক শিশু-কিশোরদের উদ্দেশে মাজহারুল ইসলাম বলেন, ছোটকাকুর প্রতিটি বই একেকটি জেলা ও শহরকে কেন্দ্র করে লেখা হয়েছে। ছোটকাকুর মতো শিশুদেরও দেশকে ভালোবাসার আহ্বান জানান তিনি।২০০৪ সালে ‘কক্সবাজারে কাকাতুয়া’ লেখার মধ্য দিয়ে ছোটকাকুর যাত্রা শুরু হয়। শুরু থেকেই পরিকল্পনা ছিল, বাংলাদেশের বিভিন্ন জেলাকে গল্পের পটভূমি করে ছোটকাকুকে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এখন পর্যন্ত ছোটকাকুর ৪৮টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪৫টি বইয়ের গল্পে উঠে এসেছে বাংলাদেশের ৪৫টি জেলা।





