বিনোদন

এবার ইতালিতে প্রশংসিত মরিয়মের গল্প

এবার ইতালিতে প্রশংসিত মরিয়মের গল্প

ইতালির ট্রেন্টো শহরে সম্প্রতি অনুষ্ঠিত ‘রিলিজিয়ন টুডে’ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে চৈতালী সমদ্দার পরিচালিত ও প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মরিয়ম’।

বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ছবিটি এর আগে কলকাতা, পুনে, ব্রাসেলস, সেনেগাল ও ঢাকার বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দুটি পুরস্কারও অর্জন করেছে চলচ্চিত্রটি।

‘মরিয়ম’-এর গল্প আবর্তিত হয়েছে একটি গ্রামের কিশোরী মরিয়মকে ঘিরে। ভোরে নৌকা বাইতে বাইতে নদীর পাড়ের দিকে চোখ আটকে যায় গ্রামের হিজড়া চরিত্র রাশেদের। নৌকা পাড়ে ভিড়িয়ে কাছে যেতেই সে দেখতে পায়, কচুরিপানায় আংশিক ঢাকা অবস্থায় জ্ঞানহীন ও ক্ষতবিক্ষত পড়ে আছে কিশোরী মরিয়ম।

মরিয়মকে উদ্ধার করে তার বাবা-মাকে রাশেদ আশ্বস্ত করে, তার জানামতে মরিয়মের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী সে ছাড়া আর কেউ নেই। কিন্তু পরবর্তী দু-এক দিনে পরিস্থিতি পাল্টে যায়। জানা যায়, মরিয়মের ওপর নির্যাতনের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে একটি ধর্ষক চক্র। ফলে গ্রামের মানুষের ফোনে ফোনে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিও।

একদিকে মরিয়মের শারীরিক ও মানসিক যন্ত্রণা, অন্যদিকে মেয়েকে ঘিরে বাবা-মায়ের নানা সংকট, সামাজিক চাপ ও দুশ্চিন্তা- এসবের মধ্য দিয়ে এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প। গ্রামের এক স্বাপ্নিক কিশোরীর সঙ্গে ঘটে যাওয়া অন্যায় এবং তার পরবর্তী সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘মরিয়ম’।

২০২৬ সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ ‘মরিয়ম’ শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে। আন্তর্জাতিক উৎসব পরিক্রমায়ও ছবিটি ইতোমধ্যে প্রশংসা ও স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা।

চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের অধিকাংশই বরিশালের থিয়েটারকর্মী ও স্থানীয় মানুষ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল প্রীতি, বৈশাখী সমদ্দার ও সাইফুল ইসলাম পান্না। পরিচালনার পাশাপাশি ‘মরিয়ম’-এর প্রযোজনাও করেছেন চৈতালী সমদ্দার।

বিষয়:চৈতালী সমদ্দারথিয়েটারমরিয়মস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…