ভূ-তাপীয় জ্বালানির সরাসরি ব্যবহারে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন। দেশটির ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (সিজিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ভূ-তাপীয় উপায়ে ঘর ঠান্ডা ও গরম রাখার (হিটিং অ্যান্ড কুলিং) আওতাধীন অঞ্চল ১৬৫ কোটি বর্গমিটারে পৌঁছেছে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সিজিএস জানায়, পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে ভূ-তাপীয় জ্বালানি অনুসন্ধান ও উন্নয়নে চীন মূলত চারটি প্রধান অঞ্চলকে গুরুত্ব দেবে।
অগ্রাধিকার পাওয়া অঞ্চলগুলো হলো উত্তর চীন, উত্তর-পূর্ব চীন, ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অববাহিকা এবং দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকা।
সিজিএসের তথ্য অনুযায়ী, এসব অঞ্চলে ভূ-তাপীয় সম্পদের অনুসন্ধান ও উন্নয়ন বাড়ানোর পাশাপাশি এর ব্যবহার আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ভূ-তাপীয় জ্বালানি পরিবেশবান্ধব, স্থিতিশীল এবং স্বল্প কার্বন নির্গমনকারী একটি নবায়নযোগ্য জ্বালানি। পাশাপাশি এটি অত্যন্ত দক্ষ শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
ভূ-তাপীয় জ্বালানির সরাসরি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। দেশটিতে ঘরবাড়ি গরম ও ঠান্ডা রাখা ছাড়াও বিভিন্ন খাতে ভূ-তাপীয় শক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।








