ফেনীর দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকায় নিখোঁজ ও মুক্তিপণ দাবির পর ডোবায় মিলেছে হাসান (১৮ মাস) নামে শিশুর লাশ।
সোমবার (১১ মে ) সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু হাসান লক্ষ্মীপুর জেলার কমল নগরের বাসিন্দা তারেক ও তারজিনা আক্তার দম্পতির ছেলে।
শিশুর পিতা মোহাম্মদ তারেক জানান, শনিবার (৯ মে) সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজের পর সন্ধ্যার দিকে একটি মোবাইল নম্বর থেকে কল করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় হত্যার হুমকিও দেয়। এনিয়ে পরদিন রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ। তদন্ত করে হুমকি দেওয়া মোবাইল নাম্বারটি নওগাঁর বলে জানা গেছে।
তবে নিখোঁজ ও মুক্তিপণ দাবীর বিষয়টি পুলিশকে অবহিত করার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ ছিলো না বলে অভিযোগ নিহতের স্বজনদের।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম জানান, গাফিলতির অভিযোগ সঠিক নয়। তারপরও বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।








